
ব্রেন টিউমারের সফল অস্ত্রোপচারের পর বাসায় ফিরেছেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় মুখ তানিয়া বৃষ্টি। চিকিৎসকদের ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে থাকার পর তার শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নির্মাতা সকাল আহমেদ।তিনি জানান, গত ১৫ ফেব্রুয়ারি প্রায় চার ঘণ্টাব্যাপী অস্ত্রোপচারের মাধ্যমে তানিয়া বৃষ্টির মাথা থেকে ব্রেন টিউমার সফলভাবে অপসারণ করা হয়। অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। বর্তমানে তিনি আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগোচ্ছেন।
এর আগে ১৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় তিনি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতাল-এ ভর্তি হন। একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অসুস্থতার বিষয়টি ভক্তদের জানান এই অভিনেত্রী। সফল অস্ত্রোপচারের পর চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে ৭২ ঘণ্টা পার করার পর গত ১৯ ফেব্রুয়ারি তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়। বর্তমানে বাসায় থেকে বিশ্রামে আছেন তিনি।পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত তানিয়া বৃষ্টি কোনো ধরনের শুটিং বা নতুন কাজে অংশ নেবেন না। চিকিৎসকের পরামর্শ মেনে চলার পাশাপাশি তাকে কিছুদিন সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এ সময় পেশাগত প্রয়োজনে যোগাযোগ না করার জন্য নির্মাতা ও সংশ্লিষ্টদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।
ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের মাধ্যমে দর্শকের কাছে পরিচিতি পান তানিয়া বৃষ্টি। ২০১৫ সালে ঘাসফুল সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। পরে ২০১৯ সালে গোয়েন্দাগিরি চলচ্চিত্রে অভিনয় করেন। দীর্ঘ বিরতির পর রায়হান খান পরিচালিত ট্রাইব্যুনাল সিনেমার মাধ্যমে আবারও বড় পর্দায় ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।সবকিছু ঠিক থাকলে এবং শারীরিক সক্ষমতা ফিরে পেলে পর্যাপ্ত বিশ্রাম শেষে আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন এই দর্শকপ্রিয় অভিনেত্রী।


