
শুটিং সেটে তরুণ সহশিল্পী সামিয়া অথৈকে মারধরের অভিযোগে তুমুল সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। মঙ্গলবার (৩ মার্চ) বিকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ও সংবাদমাধ্যমে বিষয়টি নিয়ে শুরু হয়েছে তোলপাড়।
এদিন বিকালে কাঁদতে কাঁদতে ফেসবুক লাইভে এসে সামিয়া অথৈ অভিযোগ করেন, মানিকগঞ্জে একটি ঈদ নাটকের শুটিং চলাকালে তাকে সজোরে চড় ও খামচি দিয়ে আহত করেছেন তানজিন তিশা। তার দাবি, একটি চড়ের দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে ইচ্ছাকৃতভাবে তাকে আঘাত করা হয়। এতে তার হাত ছুলে রক্ত বের হয় এবং চোখ-মুখ ফুলে যায়।
অভিযোগ অনুযায়ী, ঘটনাটির সূত্রপাত একটি উপহারকে কেন্দ্র করে। তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ২ মার্চ ঢাকা থেকে একটি উপহার নিয়ে শুটিং স্পটে যান সামিয়া। তবে তিশা সেই উপহার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করেন অথৈ। একই দিন দৃশ্য ধারণের সময় খামচির ঘটনা ঘটে বলে তার দাবি।শুটিং মনিটরে উপস্থিত ছিলেন অভিনেতা শহিদুজ্জামান সেলিম ও পরিচালক রিংকু। সামিয়ার ভাষ্য অনুযায়ী, ঘটনার পর সেলিম বিস্ময় প্রকাশ করে তার কাছে বিষয়টি জানতে চান। তখন তিনি অতীতে তিশার একটি হুমকির কথাও শেয়ার করেন।
অথৈ দাবি করেন, অভিনেতা মুশফিক আর ফারহান-এর সঙ্গে কাজ করার সময় তিশা তাকে ফোন করে সতর্ক করেছিলেন। এমনকি অভিনেত্রী কেয়া পায়েলসহ কয়েকজনকে ফারহানের সঙ্গে কাজ না করার জন্যও বলা হয়েছিল। কারণ জানতে চাইলে তিশা নাকি দাবি করেন, ফারহান তার ‘জামাই’। ঘটনার পর অথৈ বিষয়টি ফারহানকে জানান এবং পরে তার সঙ্গে আর কাজ করেননি।তবে এসব অভিযোগের প্রেক্ষিতে রাত গড়াতেই নিজের অবস্থান স্পষ্ট করেন তানজিন তিশা। তার ভাষ্য, ঘটনাটি ব্যক্তিগত আক্রমণ নয়; বরং চরিত্রের প্রয়োজনে এবং গল্পের চাহিদা অনুযায়ী যা করার ছিল, সেটুকুই করেছেন তিনি।
তিশা বলেন, “আমি শুধু আমার চরিত্রটা প্লে করেছি। এখানে আমি একজন স্পেশাল চাইল্ড, মানে অটিস্টিক। চরিত্রের প্রয়োজনে সে মারতে পারে, কামড় দিতে পারে—এমন আচরণ করতে পারে। যতটুকু স্ক্রিপ্টে আছে, ততটুকুই করেছি। চরিত্রের বাইরে কিছু করিনি।”প্রতিক্রিয়া দিতে বিলম্ব প্রসঙ্গে তিনি জানান, একই নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকায় তাৎক্ষণিকভাবে বক্তব্য দেননি। তার অভিযোগ, সামিয়া লাইভ করে পুরো ইউনিটকে বিপাকে ফেলেছেন।এদিকে সামিয়া অথৈ জানিয়েছেন, তিনি এ ঘটনার বিচার চেয়ে অভিনয়শিল্পী সংঘে আনুষ্ঠানিক অভিযোগ জানাবেন।ঘটনাটি নিয়ে নাট্যাঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট সংগঠন ও প্রযোজনা কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেয় এবং তদন্তে কী উঠে আসে।


