
অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ইফতার সামগ্রী তৈরি, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং অবৈধভাবে ফুটপাত দখলের দায়ে পাঁচ ব্যক্তিকে জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার ১০ মার্চ নগরের আইস ফ্যাক্টরি রোড ও পূর্ব মাদারবাড়ি এলাকায় চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।অভিযানে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইফতার সামগ্রী তৈরি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করার অপরাধে আইস ফ্যাক্টরি রোডের মিন্টু বাবুর্চি ক্যাটারিং সার্ভিসকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া দুর্গন্ধযুক্ত ফ্রিজে খাবার সংরক্ষণ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে মাঝিরঘাট রোডের পানাহার বেকারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অন্যদিকে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার অপরাধে তিন ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
চসিক সূত্র জানায়, নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।


