
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় রয়েছে অভিনেতা সিয়াম আহমেদ অভিনীত আলোচিত সিনেমা রাক্ষস। ছবিটি ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে সিনেমাটির একটি আইটেম গানের শুটিং সেটের ছবি ভাইরাল হলে নতুন করে আলোচনা শুরু হয়।
ভাইরাল হওয়া সেই ছবিকে ঘিরে গুঞ্জন ওঠে—গানটিতে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন বলিউড ও হলিউডে কাজ করা অভিনেত্রী নাতালিয়া জানোসজেক। এবার বিষয়টির সত্যতা নিশ্চিত করেছে ছবিটির প্রযোজনা সংস্থা Real Energy Production এবং নির্মাতা মেহেদি হাসান হৃদয়।
প্রযোজনা সংস্থার কর্ণধার আজিম হারুন বলেন, এটি তাদের ‘রাক্ষস’ ছবির আইটেম গানের শুটিংয়ের একটি দৃশ্য। ওই গানে সিয়াম আহমেদের সঙ্গে নেচেছেন নাতালিয়া জানোসজেক। একই সঙ্গে এটিই তার প্রথম বাংলা চলচ্চিত্রে অংশগ্রহণ।
নাতালিয়া ইউরোপীয় বংশোদ্ভূত একজন অভিনেত্রী। তিনি বলিউডের পাশাপাশি হলিউডের বিভিন্ন প্রজেক্টেও কাজ করেছেন। বলিউডে তার আলোচিত কাজের মধ্যে রয়েছে Housefull 5, Masti 4 এবং 365 Days। এছাড়াও জনপ্রিয় রিয়েলিটি শো Bigg Boss-এ অংশ নেওয়ার মাধ্যমেও তিনি দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন।
এদিকে সিয়ামের সঙ্গে নাতালিয়ার পারফরম্যান্স প্রসঙ্গে পরিচালক মেহেদি হাসান হৃদয় জানান, গানটির শুটিং হয়েছে মুম্বাইয়ে। তিনি বলেন, “দারুণ একটি গান হয়েছে। ইউরোপিয়ান বংশোদ্ভূত বলিউড অভিনেত্রী নাতালিয়া সেখানে সিয়ামের সঙ্গে পারফর্ম করেছেন। প্রথমবার কোনো বাংলা ছবিতে পারফর্ম করলেন তিনি। এক কথায় নাতালিয়া দারুণ করেছে। আমার বিশ্বাস গানটি দর্শক-শ্রোতাদের কাছে ভিন্নরকম উত্তেজনা তৈরি করবে।”
ঈদুল ফিতর উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা ‘রাক্ষস’ সিনেমাটি নিয়ে ইতোমধ্যে দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিশেষ করে আন্তর্জাতিক অভিনেত্রীর উপস্থিতি ছবিটির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


