সোমবার, এপ্রিল ২০, ২০২৬
spot_img

বিতর্ক-সমালোচনায় ‘প্রিন্স’, দায় এড়ালেন না শাকিব খান

নিজস্ব প্রতিবেদক

ঢালিউড ইন্ডাস্ট্রিতে ভরসার নাম শাকিব খান। তবে ঈদে মুক্তিপ্রাপ্ত তার অভিনীত ‘প্রিন্স’ সিনেমাকে ঘিরে হতাশা তৈরি হওয়ায় দায় নিয়ে প্রশ্ন উঠেছে চলচ্চিত্র অঙ্গনে।

গত ঈদ-উল-ফিতর উপলক্ষে মুক্তি পায় পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত ‘প্রিন্স’। কিন্তু মুক্তির শুরু থেকেই নানা জটিলতায় দর্শকের কাছে পৌঁছাতে বাধার মুখে পড়ে সিনেমাটি। কারিগরি ত্রুটির কারণে মাল্টিপ্লেক্সে প্রদর্শন বন্ধ থাকা, পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও প্রত্যাশিত সাড়া না পাওয়ায় হতাশা বাড়তে থাকে।দর্শকদের একটি অংশ অভিযোগ করেছেন, গল্পের উপস্থাপনায় দুর্বলতা রয়েছে। পাশাপাশি কালার গ্রেডিং, ভিএফএক্স ও অন্যান্য প্রযুক্তিগত দিক নিয়েও নানা সমালোচনা ওঠে। ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হওয়া বিতর্ক মুক্তির পরও কাটেনি।

এদিকে গত মঙ্গলবার রাজধানীর উত্তরা সেন্টার পয়েন্ট সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। সেখানে শাকিব খানসহ সিনেমার কলাকুশলীরা উপস্থিত ছিলেন। প্রদর্শনী শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিনেমাটির সীমাবদ্ধতা নিয়ে খোলামেলা মন্তব্য করেন তিনি।শাকিব খান বলেন, পরিচালকের কোনো দুর্বলতা নেই এবং আবু হায়াত মাহমুদ একজন প্রতিভাবান নির্মাতা। তবে পর্যাপ্ত সময়ের অভাবেই সিনেমাটি প্রত্যাশা অনুযায়ী নির্মাণ করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, শুরুতে ‘প্রিন্স’কে বড় পরিসরের সিনেমা হিসেবে পরিকল্পনা করা হলেও সময় সংকটের কারণে সেটি বাস্তবায়ন করা যায়নি। শুটিংয়ের সময় বিভিন্ন বাধার কথাও তুলে ধরেন তিনি। এমনকি ঈদের আগের দিন পর্যন্ত শুটিং করতে হয়েছে এবং একটি গানের শুটিং কয়েক ঘণ্টার মধ্যেই শেষ করতে হয়েছে বলে জানান এই অভিনেতা।প্রযুক্তিগত ত্রুটির বিষয়ে শাকিব বলেন, কালার, সাউন্ড, ভিএফএক্স বা সিজি সংক্রান্ত সমস্যাগুলো পরিচালকের কাজ নয় এবং এগুলো পুরোপুরি কারিগরি বিষয়। ভবিষ্যতে পর্যাপ্ত সময় পেলে তিনি ও নির্মাতা আরও ভালো কাজ উপহার দিতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সিনেমাটির ব্যর্থতা নিয়ে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, গল্পটি শুনে এটি তার ক্যারিয়ারের অন্যতম বড় সিনেমা হবে বলে মনে হয়েছিল। তবে সময় স্বল্পতার কারণে সেটি বাস্তবায়ন করা সম্ভব হয়নি।শাকিব খান আরও জানান, বছরে অনেক গল্প শোনার পর একটি গল্প বেছে নেন তিনি। ‘প্রিন্স’-এর ক্ষেত্রেও তেমনটাই হয়েছে। তবে ভারতের শুটিং অনুমতি পেতে বিলম্ব হওয়াসহ বিভিন্ন কারণে কাজ ব্যাহত হয়েছে বলে উল্লেখ করেন তিনি।সব সমালোচনার পরও শাকিবের দাবি, সীমাবদ্ধতা সত্ত্বেও ‘প্রিন্স’ বড় পর্দায় নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত