
চট্টগ্রামের বহুল আলোচিত আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেব কে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম। বৃহস্পতিবার (০২ এপ্রিল ২০২৬) চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গত ২৫ নভেম্বর ২০২৪ সালে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় দাসকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে ঢাকা বিমানবন্দর এলাকা থেকে গ্রেফতার করা হয়। পরদিন ২৬ নভেম্বর ২০২৪ তাকে চট্টগ্রাম আদালতে হাজির করা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এসময় চিন্ময় দাসের অনুসারীরা তার মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করে এবং তাকে কারাগারে নিয়ে যাওয়ার পথে বাধা প্রদান করে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিক্ষোভকারীরা আদালত চত্বরে কয়েকটি গাড়ি ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং কোর্ট বিল্ডিং কমপ্লেক্সের নিচতলার একটি চেম্বারেও হামলা চালায়।
বিক্ষোভের একপর্যায়ে আদালতের বিপরীত পাশে রঙ্গম কনভেনশন সেন্টার এলাকার কাছে অবস্থানরত আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার উদ্দেশ্যে বিক্ষোভে অংশগ্রহণকারী চন্দন, রুমিত দাশ, সুমিত দাশ, গগন দাশ, নয়ন দাশ, বিশাল দাশ, আমান দাশ, সুকান্ত, শ্রী গণেশসহ তাদের সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা, মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এছাড়া চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি ২৭ ও ২৮ নভেম্বর কর্মবিরতি পালন করে। ঘটনাটি বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়ে দেশজুড়ে আলোচনার জন্ম দেয়।
এ ঘটনায় নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের বাবা বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানায় ৩১ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ১০/১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-৪৬(১১)২৪, জি আর নং-৫০৯/২০২৪, ধারা-১৪৭/১৪৮/১৪৯/৩০২/৩৪/১১৪ পেনাল কোড ১৮৬০।
পরবর্তীতে র্যাব-৭, চট্টগ্রাম উক্ত হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে গোয়েন্দা নজরদারি ও ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি দেব চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে।
এই তথ্যের ভিত্তিতে ০২ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ২টা ৪৫ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল কোতোয়ালী থানাধীন বলুয়ার দিঘী এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে দেব (২৫), পিতা-শেরীপ প্রকাশ শরিফ দাশ, সাং-সেবক কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কোতোয়ালী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


