
নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ডে টানা বর্ষণ ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত পানিবন্দী শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ইপিজেড-৩৯ নম্বর ওয়ার্ড শাখা।
শুক্রবার (১০ জুলাই) সকালে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আবু তালেব চৌধুরী। উদ্বোধক ও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী হাজী মুজিবুল হক বকুল।সংগঠনের সভাপতি মো. শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুস সবুর আশেকীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তি মো. বেলাল মোল্লাসহ শ্রমিকনেতা মো. মিজানুর রহমান, নূরুল হক, মনিরুল ইসলাম এবং বিভিন্ন সাংগঠনিক ওয়ার্ডের দায়িত্বশীল ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, টানা বর্ষণ ও জলাবদ্ধতায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন দিনমজুর ও শ্রমজীবী মানুষ। তাদের এই দুর্দিনে পাশে দাঁড়াতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ধারাবাহিকভাবে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করছে।তারা জানান, কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ হালিশহরের বিভিন্ন এলাকায় পানিবন্দী শ্রমিক ও নিম্নআয়ের পরিবারের কাছে সরাসরি ত্রাণ সামগ্রী ও শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। শুক্রবারও শতাধিক ক্ষতিগ্রস্ত শ্রমজীবী মানুষের মাঝে শুকনো খাবার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
নেতৃবৃন্দ আরও জানান, এই মানবিক কার্যক্রম শুধু নগর পর্যায়েই সীমাবদ্ধ থাকবে না; পর্যায়ক্রমে তৃণমূল পর্যায়েও ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর কার্যক্রম অব্যাহত থাকবে।


