
কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের
চট্টগ্রাম নগরীর তুলাতলী, পূর্ব নাসিরাবাদে মাদ্রাসা-ই আবু হুরায়রা কমপ্লেক্স বায়তুর রিদওয়ান হাফেজিয়া ও ইয়াতিমখানার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরিফ বিতরণ করেছে সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশন’।
২৪ সেপ্টেম্বর মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে এ কোরআন বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিনের উদ্বোধনে এবং মাদ্রাসা কমপ্লেক্সের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাই টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান নুরুল কবির।
অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ফুলকলি ফুড প্রোডাক্টস লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুস সবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আসক ফাউন্ডেশন’ চট্টগ্রাম বিভাগের সভাপতি লায়ন ফরাদুল হাসান মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এস এ এম নুর হোসাইন।প্রধান অতিথির বক্তব্যে নুরুল কবির বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে শিশুদের ইসলামী মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও সহিহ কোরআন শিক্ষায় উদ্বুদ্ধ করা জরুরি। নৈতিকতাহীন শিক্ষা সমাজকে অবক্ষয়ের দিকে নিয়ে যেতে পারে, অন্যদিকে কোরআনের শিক্ষা মানুষকে নৈতিকতা ও মানবিকতার পথে পরিচালিত করে।প্রধান বক্তা মোহাম্মদ আব্দুস সবুর বলেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের শাশ্বত উৎস। শৈশব থেকেই সন্তানদের কোরআনিক চেতনা ও সুশিক্ষায় গড়ে তুলতে পারলে তারা ভবিষ্যতে সৎ, আদর্শ ও চরিত্রবান নাগরিক হিসেবে গড়ে উঠবে।
ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এ কিউ এম মোসলেহ উদ্দিন বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উৎসাহিত করা এবং প্রতিটি ঘরে কোরআনের হেদায়েতের আলো পৌঁছে দেওয়াই ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। মানবতার কল্যাণ, সামাজিক উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।আলোচনা সভা শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন শরিফ তুলে দেন। নতুন কোরআন পেয়ে শিক্ষার্থীদের মাঝে আনন্দের সৃষ্টি হয়। পরে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


