
চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান বলেছেন, পোনামাছ অবমুক্তকরণ শুধু মৎস্য উৎপাদন বৃদ্ধির কর্মসূচি নয়, এটি জলজ পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষারও গুরুত্বপূর্ণ উদ্যোগ। নদী-খাল-বিলসহ প্রাকৃতিক জলাশয়ে দেশীয় মাছের প্রজনন ও বংশবিস্তারের সুযোগ তৈরিতে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে নগরীর কোতোয়ালি থানাধীন হযরত আমানত শাহ (রহ.) মাজারসংলগ্ন পুকুরে জাতীয় মৎস্য অধিদপ্তর, চট্টগ্রামের উদ্যোগে আয়োজিত পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সুফিয়ান বলেন, মাছ প্রাণিজ আমিষের অন্যতম প্রধান উৎস এবং মৎস্যসম্পদ লাখো মানুষের জীবিকার সঙ্গে জড়িত। তাই উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রাকৃতিক জলাশয়ে মাছের বিচরণ ও প্রজননের উপযোগী পরিবেশ নিশ্চিত করা জরুরি।তিনি আরও বলেন, জলজ জীববৈচিত্র্য রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। মৎস্যসম্পদ সংরক্ষণে অবৈধভাবে মাছ শিকার, প্রজনন মৌসুমে মাছ ধরা এবং জলাশয় দূষণ বন্ধে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক নিয়াজ মোহাম্মদ খান ও হারুন জামান, সদস্য আনোয়ার হোসেন লিপু, মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, আবুল কালাম আহাদ ও মাহবুব রহমান, কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, শাহজাদা এনায়েত উল্লাহ খান, শাহজাদা শাহিন খান, শাহজাদা মারুফ শাহ আল-আমানতীসহ সংশ্লিষ্টরা।


