
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ১৪টি ট্রলিং জাল এবং ৩৭ জন জেলেকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১২ জুলাই) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, রবিবার (১২ জুলাই) দিবাগত রাত ১টার দিকে কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী চট্টগ্রামের বাঁশখালী থানাধীন শেখেরখীল মাছঘাট সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযান চলাকালে ওই এলাকা থেকে দুইটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। পরে জব্দকৃত বোট দুটিতে তল্লাশি চালিয়ে ১৪টি ট্রলিং জাল উদ্ধার করা হয় এবং এ সময় ৩৭ জন জেলেকে আটক করা হয়। জব্দকৃত আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল এবং আটককৃত জেলেদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।
লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন আরও বলেন, দেশের মৎস্যসম্পদ রক্ষা এবং সমুদ্র ও উপকূলীয় এলাকায় অবৈধ মাছ শিকার প্রতিরোধে বাংলাদেশ কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


