
চট্টগ্রামের সন্দ্বীপে কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়েছে। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি ফিশিং বোট, বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল এবং বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, গত ৯ জুলাই ২০২৬ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে চট্টগ্রামের সন্দ্বীপ থানার দক্ষিণ উপকূলীয় এলাকায় একটি ফিশিং বোট জলদস্যুদের কবলে পড়ে। ঘটনার পর ভুক্তভোগীরা জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি কোস্ট গার্ডকে অবহিত করেন। খবর পেয়ে কোস্ট গার্ড সংশ্লিষ্ট এলাকায় গোয়েন্দা নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করে।এরই ধারাবাহিকতায় গত ১৩ জুলাই ২০২৬ সোমবার দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত কোস্ট গার্ড আউটপোস্ট সারিকাইত ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দ্বীপ থানাধীন চৌধুরী বাজার ঘাট সংলগ্ন এলাকা থেকে ডাকাতির সঙ্গে জড়িত একটি ফিশিং বোটসহ ৭ জন জলদস্যুকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা গত ৯ জুলাই সংঘটিত ফিশিং বোট ডাকাতির ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।অভিযান চলাকালে জব্দকৃত ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ডাকাতি হওয়া প্রায় ৪৭ লাখ ৬২ হাজার টাকা মূল্যের ৯৫ হাজার মিটার সুতার জাল, ১১০ লিটার ডিজেল, ৫টি মোবাইল ফোন এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।কোস্ট গার্ড জানিয়েছে, আটক জলদস্যু, জব্দকৃত আলামত ও উদ্ধারকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।দেশের উপকূলীয় অঞ্চলের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড।


