বুধবার, আগস্ট ৫, ২০২৬
spot_img

গোপন চুক্তি প্রকাশে রাজনৈতিক ঐক্যের দাবি বরকত উল্লাহ বুলুর

নিজস্ব প্রতিবেদক

দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। তিনি বলেছেন, কোনোভাবেই জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য থেকে বিচ্যুত হওয়া যাবে না।রোববার (১৯ জুলাই) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘জুলাই গণঅভ্যুত্থানে ভাসানী জনশক্তি পার্টির ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

বরকত উল্লাহ বুলু বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও ক্ষতিগ্রস্তদের প্রতি জাতির দায়বদ্ধতা রয়েছে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও লক্ষ্য যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, দেশকে এগিয়ে নিতে জনগণ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ১৯৭১ বাংলাদেশের ভিত্তি, এটি অস্বীকার করার কোনো সুযোগ নেই। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের আত্মত্যাগকে কোনোভাবেই খাটো করা যায় না। একই সঙ্গে তিনি শেখ মুজিবুর রহমানের শাসনামলের সমালোচনা করে বলেন, মুক্তিযুদ্ধের চেতনা থেকে সরে গিয়ে বাকশাল ও একদলীয় শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়েই তাঁর রাজনৈতিক পতনের সূচনা হয়।

রাজনৈতিক ইতিহাসের প্রসঙ্গ উল্লেখ করে বুলু বলেন, ১৯৮৬ সালে জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়ে তৎকালীন এরশাদ সরকারের শাসন দীর্ঘায়িত করেছিল। এছাড়া ১৯৯৬ সালে জামায়াতের সমর্থন ছাড়া শেখ হাসিনার ক্ষমতায় আসা সম্ভব হতো না বলেও মন্তব্য করেন তিনি।যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া কথিত নন-ডিসক্লোজার (গোপন) চুক্তি প্রসঙ্গে তিনি বলেন, এটি বর্তমান সরকারের নয়, অন্তর্বর্তী সরকারের দায়। চুক্তিটি জনসমক্ষে প্রকাশের দাবিতে শুধু একটি দলের নয়, বরং জামায়াতে ইসলামীসহ সব রাজনৈতিক দল, সুশীল সমাজ ও সাংস্কৃতিক অঙ্গনকে ঐক্যবদ্ধভাবে দাবি জানাতে হবে।

শিক্ষা খাতের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বিগত সরকারের সময় অটোপাস ও অতিরিক্ত জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতি দেশের শিক্ষাব্যবস্থাকে দুর্বল করেছে। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ন্যূনতম নম্বরও অর্জন করতে পারেনি।শিক্ষামন্ত্রী ড. এহসানুল মিলনের সাম্প্রতিক বক্তব্য ও সংসদে ক্ষমা চাওয়ার প্রসঙ্গে বুলু বলেন, একজন মেধাবী মানুষের কাছ থেকে এমন বক্তব্য প্রত্যাশিত ছিল না। তবে তিনি যেহেতু সংসদে দাঁড়িয়ে ক্ষমা চেয়েছেন, তাই বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করে দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানান।

ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর সাধারণ সম্পাদক কমরেড বজলুর রশিদ ফিরোজ এবং আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত