
ঢাকা, ২০ জুলাই: যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২০ জুলাই) পাঠানো ওই চিঠিতে তিনি বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে এবং নিজের পক্ষ থেকেও আন্তরিক শুভেচ্ছা জানান।
চিঠিতে তারেক রহমান বলেন, লেবার পার্টির নেতা হিসেবে নির্বাচিত হওয়া এবং যুক্তরাজ্য (গ্রেট ব্রিটেন ও উত্তর আয়ারল্যান্ড)-এর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তিনি অ্যান্ডি বার্নহ্যামকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছেন। তিনি উল্লেখ করেন, এই নির্বাচন ব্রিটিশ জনগণ ও লেবার পার্টির তাঁর নেতৃত্বের প্রতি আস্থারই প্রতিফলন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, অ্যান্ডি বার্নহ্যামের নেতৃত্বে যুক্তরাজ্য শান্তি, সমৃদ্ধি, গণতান্ত্রিক শাসনব্যবস্থা ও টেকসই উন্নয়নের পথে আরও এগিয়ে যাবে এবং বৈশ্বিক বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
চিঠিতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বহুমুখী সম্পর্কের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি বলেন, অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং জনগণের নিবিড় সম্পর্কের ভিত্তিতে দুই দেশের বন্ধুত্ব সুদৃঢ় হয়েছে। বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, শিক্ষা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সহযোগিতা ধারাবাহিকভাবে সম্প্রসারিত হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, যুক্তরাজ্যে বসবাসরত প্রাণবন্ত বাংলাদেশি সম্প্রদায় দুই দেশের মধ্যে বন্ধুত্বের এক অনন্য সেতুবন্ধন হিসেবে কাজ করছে এবং উভয় দেশের অর্থনীতি ও সাংস্কৃতিক বৈচিত্র্যে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
চিঠিতে দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তারেক রহমান।
এছাড়া তিনি অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, ব্যক্তিগত কল্যাণ এবং প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। পাশাপাশি যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধিও কামনা করেন তিনি।
উল্লেখ্য, সোমবার (২০ জুলাই) অ্যান্ডি বার্নহ্যাম যুক্তরাজ্যের ৫৯তম প্রধানমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।


