
বিনোদন ডেস্ক: কনসার্ট শেষে অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালস অশালীন আচরণ ও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ভারতের দেহরাদূনের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত একটি কনসার্টে পারফর্ম করতে গিয়েছিলেন জেসমিন স্যান্ডালস। অনুষ্ঠান শেষে তিনি মঞ্চের সামনে এসে প্রথম সারিতে থাকা ভক্তদের দেওয়া ফুল গ্রহণ এবং তাদের সঙ্গে হাত মেলানোর চেষ্টা করেন।এ সময় ভিড়ের মধ্যে থাকা কয়েকজন ব্যক্তি তার সঙ্গে অশালীন আচরণ করেন এবং আপত্তিকরভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ওঠে। ভাইরাল ভিডিওতে গায়িকাকে ওই পরিস্থিতিতে স্পষ্টভাবে অস্বস্তিতে পড়তে দেখা যায়।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বহু ব্যবহারকারী জেসমিন স্যান্ডালসের প্রতি সংহতি প্রকাশ করেছেন। একই সঙ্গে উন্মুক্ত কনসার্ট ও জনসমাগমপূর্ণ অনুষ্ঠানে নারী শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।উল্লেখ্য, ওই চ্যারিটি কনসার্টে জেসমিন স্যান্ডালস ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ চলচ্চিত্রের জনপ্রিয় গান ‘জাইয়ে সাজনা’ পরিবেশন করেন। এছাড়া তিনি নিজের আরও কয়েকটি জনপ্রিয় গান গেয়ে দর্শকদের মাতিয়ে তোলেন। বিনামূল্যে আয়োজিত এই চ্যারিটি শোতে হাজার হাজার দর্শক উপস্থিত ছিলেন।তবে এ ঘটনার বিষয়ে এখন পর্যন্ত জেসমিন স্যান্ডালস বা আয়োজকদের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি।


