সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

জঙ্গল সলিমপুর সড়ক নিয়ে সিডিএ-সেনাবাহিনীর যৌথ পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় কয়েকটি অভ্যন্তরীণ ও সংযোগ সড়ক নির্মাণের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এর মধ্যে দুটি সড়ক চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) সিলিমপুর আবাসিক এলাকার ভেতর দিয়ে নেওয়ার প্রস্তাব করা হলেও নিরাপত্তা ও আবাসিক পরিবেশের বিষয় বিবেচনায় এতে সম্মতি দেয়নি সিডিএ।সিডিএ সূত্র জানায়, জঙ্গল সলিমপুর একটি স্পর্শকাতর এলাকা। সেখান থেকে সরাসরি সিলিমপুর আবাসিক এলাকায় সড়ক সংযোগ স্থাপন করলে এলাকার নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে। প্লট মালিকদের দাবির পরিপ্রেক্ষিতে সেনাবাহিনীকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিকদের সঙ্গে মতবিনিময় সভা করেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তাবিত সড়কের স্থান পরিদর্শন করে মৌজা ম্যাপ অনুযায়ী বিভিন্ন বিষয় যাচাই-বাছাই করেন।পরিদর্শন শেষে সিডিএ চেয়ারম্যান বলেন, জঙ্গল সলিমপুরের সড়কটি মূল আবাসিক এলাকার ভেতর দিয়ে স্থায়ীভাবে নির্মাণের সুযোগ নেই। তবে বিকল্প ব্যবস্থা হিসেবে খালের পাড় ধরে সাময়িকভাবে একটি অস্থায়ী পথ ব্যবহারের অনুমতি দেওয়া যেতে পারে। প্লট মালিকদের মতামতের ভিত্তিতে সেনাবাহিনীকে বিকল্প স্থান দেখিয়ে দেওয়া হয়েছে। প্রস্তাবিত বিকল্প রুটের ব্যয় নির্ধারণ শেষে সেনাবাহিনী সিডিএকে পরবর্তী অগ্রগতির বিষয়ে জানাবে।

মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সিলিমপুর আবাসিক এলাকাকে একটি আধুনিক, বাসযোগ্য ও পরিবেশবান্ধব আবাসিক এলাকায় পরিণত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্থানীয় বাসিন্দাদের খাল দখল ও দূষণ থেকে বিরত থাকার, খালে ময়লা-আবর্জনা না ফেলার এবং সিডিএর ইমারত বিধিমালা মেনে ভবন নির্মাণের আহ্বান জানান। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি বেশি গাছ লাগানোরও পরামর্শ দেন।এ সময় তিনি দীর্ঘদিনের গ্যাস ও পানি সংকট নিরসনের আশ্বাস দিয়ে জানান, দ্রুত পানির সংযোগ নিশ্চিত করতে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে আলোচনা হয়েছে এবং ওয়াসা এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। পর্যায়ক্রমে এলাকার নাগরিকদের বিভিন্ন ভোগান্তি দূর করা হবে বলেও তিনি উল্লেখ করেন।স্থান পরিদর্শন ও মতবিনিময় সভায় সিডিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সিলিমপুর আবাসিক এলাকার প্লট মালিক সমিতির নেতারাও উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত