
: রাজধানীর ভাটারা থানা এলাকায় অভিযান চালিয়ে ২০টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় আট সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (২১ জুলাই) রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিসি) নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেপ্তাররা হলেন— সোহেল (৪২), রিপন (৪৫), রাব্বি (২৮), সায়েদ (২৫), মারুফ (৩০), আশিক (২২), সোহেল (৩৬) ও জামাল (৫২)।পুলিশ জানায়, গত ২৪ জুন ভাটারা থানার একটি এলাকার গেটের সামনে থেকে আল-আমিন নামের এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে ভাটারা থানায় একটি মামলা দায়ের করা হয়।
মামলার তদন্তে গোয়েন্দা তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২৪ জুন, ২৮ জুন এবং ১ জুলাই রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে সোহেল (৪২), রিপন, রাব্বি ও সায়েদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।পরবর্তীতে গ্রেপ্তারদের দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত অব্যাহত রেখে সোমবার (২০ জুলাই) রাজধানী ও দেশের বিভিন্ন এলাকায় আরও অভিযান পরিচালনা করা হয়। এ সময় মারুফ, আশিক, সোহেল (৩৬) ও জামালকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে আরও ১১টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে ভাটারাসহ রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল চুরি করে আসছিল।পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে এবং চক্রটির সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।


