
পর্দায় যার নীরব ইশারায় মুগ্ধ হয়েছিল দর্শক, সেই জনপ্রিয় বধির অভিনেত্রী কাইলি হটল আর নেই। মাত্র ১৮ বছর বয়সে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তিনি। তার অকালপ্রয়াণে হলিউডের বিনোদন জগৎ এবং বিশ্বজুড়ে ভক্তদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের ফ্রেডরিক কাউন্টি শেরিফ কার্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভোর আনুমানিক ৩টার দিকে ইজামসভিল এলাকায় কাইলি ও তার দুই সঙ্গীকে বহনকারী একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় চালকসহ অপর দুই আরোহী আহত হলেও তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে অতিরিক্ত গতিকেই দুর্ঘটনার সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।জন্মগতভাবে বধির কাইলি হটল আমেরিকান সাইন ল্যাঙ্গুয়েজ (এএসএল) ব্যবহার করে যোগাযোগ করতেন। তার পরিবারের সবাইও বধির। অভিনেত্রী হিসেবে তিনি বিশ্বব্যাপী পরিচিতি পান ‘কং’ সিরিজের সিনেমায় অভিনয়ের মাধ্যমে, যেখানে তার অভিনয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।
মেয়ের মৃত্যুর খবরে সামাজিক যোগাযোগমাধ্যমে ইশারা ভাষায় আবেগঘন বার্তা দেন তার বাবা জোশুয়া হটল। তিনি জানান, কাইলির মা এবং চার ভাই-বোন গভীর শোকে ভেঙে পড়েছেন এবং পরিবারের সবাই একসঙ্গে এই কঠিন সময় পার করছেন।শোকের মধ্যেও অসাধারণ মানবিকতার পরিচয় দিয়ে দুর্ঘটনায় জড়িত ১৯ বছর বয়সী চালককে ক্ষমা করে দেন জোশুয়া হটল। তিনি বলেন, “আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এই দুর্ঘটনাকে তোমার বাকি জীবন নষ্ট করতে দিও না।”কাইলি হটলের অকালপ্রয়াণে সহকর্মী, ভক্ত এবং চলচ্চিত্রপ্রেমীরা সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক প্রকাশ করছেন। তার সংক্ষিপ্ত কিন্তু অনুপ্রেরণাময় জীবন ও অভিনয় দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


