
চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানায় দায়ের হওয়া ধর্ষণ মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার সদস্য মো. আফতাব মজুমদারকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, এক তরুণীর দায়ের করা এজাহারের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, ফেসবুকে পরিচয়ের পর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন আফতাব মজুমদার।মামলার এজাহার অনুযায়ী, পরে অভিযুক্ত তরুণীকে একটি আবাসিক হোটেলে নিয়ে বিয়ের আশ্বাস দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরবর্তীতে তিনি বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে ভুক্তভোগীর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেন।
ভুক্তভোগীর দাবি, পরে তিনি জানতে পারেন যে আফতাব মজুমদার আগে থেকেই বিবাহিত।এ ঘটনায় বাংলাদেশ দণ্ডবিধির ৪৯৩ ধারা এবং নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত)-এর ৯(১) ধারা অনুযায়ী চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়।মামলা দায়েরের পর বুধবার (২২ জুলাই) বিকেলে চান্দগাঁও থানা পুলিশ অভিযুক্ত আফতাব মজুমদারকে আটক করে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত চলছে এবং তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


