
“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। রোববার (২৬ জুলাই) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভার মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা হয়।চাঁপাইনবাবগঞ্জ বন বিভাগের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু ছালেহ মো. মুসা জঙ্গী।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রশাসক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মিনহাজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, সিভিল সার্জন ডা. এ কে এম শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন এবং সহকারী বন সংরক্ষক নায়েমা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস।
বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং একটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারা প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানো এবং পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী বলেন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সবাইকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তা পরিচর্যার মাধ্যমে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে অংশ নেওয়ার আহ্বান জানান।আলোচনা সভা শেষে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে জেলা বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬ এর উদ্বোধন ঘোষণা করেন। পরে তিনি অতিথিদের সঙ্গে নিয়ে বৃক্ষমেলা পরিদর্শন করেন।


