সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

চালককে শ্বাসরোধ ও মারধরের পর গাড়ি ছিনতাইয়ের চেষ্টা;

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মীরসরাইয়ে যাত্রীবেশে প্রাইভেটকার ভাড়া নিয়ে চালককে শ্বাসরোধ ও মারধর করে গাড়ি ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে মীরসরাই থানা পুলিশ। তাৎক্ষণিক অভিযানে ছিনতাই হওয়া প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ৪৫ মিনিটের দিকে চট্টগ্রাম নগরের অলংকার মাইক্রোস্ট্যান্ড থেকে তিন ব্যক্তি চট্ট-মেট্রো-গ-১৩-০৪৪০ নম্বরের একটি প্রাইভেটকার ভাড়া করে মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের ইকোনমিক জোন এলাকায় যায়।

বিকেল সাড়ে ৪টার দিকে ইকোনমিক জোন সড়কের সিপির মোড় সংলগ্ন আনসার চেকপোস্টের পূর্ব পাশে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে চালক মো. সেলিম (৪৩)-এর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করা হয়। পরে তাকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত অবস্থায় গাড়ি থেকে ফেলে দিয়ে প্রাইভেটকারটি ছিনতাই করে পালানোর চেষ্টা করে দুর্বৃত্তরা।খবর পেয়ে মীরসরাই থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন শেখ মোহাম্মদ আল ইয়াছা (৩০) এবং জোবেদা খানম চৌধুরী (৪৫)। এ ঘটনায় আরেক আসামি শেখ মো. জাহাঙ্গীর পলাতক রয়েছেন।অভিযানকালে আসামিদের কাছ থেকে একটি থ্রেড কাটার, একটি ইনজেকশনের সিরিঞ্জ, একটি ভায়ালে সংরক্ষিত সাদা রঙের অ্যানেসথেশিয়া-জাতীয় তরল, একটি বোতলে নেশাজাতীয় তরল পদার্থ এবং একটি গামছা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তাররা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে যাত্রীবেশে বিভিন্ন প্রাইভেটকার ভাড়া করে নির্জন স্থানে নিয়ে চালকদের ওপর হামলা চালিয়ে গাড়ি ছিনতাই করত। পরে চোরাই গাড়ির সিন্ডিকেটের কাছে সেগুলো বিক্রি করে অবৈধভাবে অর্থ উপার্জন করত।এ ঘটনায় ভুক্তভোগী চালকের অভিযোগের ভিত্তিতে মীরসরাই থানায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তার এবং চক্রের অন্যান্য সদস্য ও চোরাই গাড়ি কেনাবেচার সঙ্গে জড়িতদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত