
আন্তর্জাতিক ডেস্ক: শ্রীলঙ্কায় টানা ভারী বৃষ্টির ফলে সৃষ্ট প্রাণঘাতী ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। দুর্যোগের কারণে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।মঙ্গলবার (৪ আগস্ট) আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে প্রবল বর্ষণে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অঞ্চলটি এখনও গত নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড় দিতওয়াহ-এর ধ্বংসযজ্ঞ কাটিয়ে ওঠার চেষ্টা করছে। ওই ঘূর্ণিঝড়ে প্রায় ৬৪০ জনের মৃত্যু এবং প্রায় ৪ দশমিক ১ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষয়ক্ষতি হয়েছিল।সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের মুখপাত্র প্রদীপ কোডিপ্পিলি জানান, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজন এবং বন্যায় আরও দুজনের মৃত্যু হয়েছে।
তিনি আরও জানান, ভারী বৃষ্টি ও বন্যার কারণে ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।বন্যার পানিতে আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নৌবাহিনী ও স্থলবাহিনী মোতায়েন করা হয়েছে। স্থানীয় সম্প্রচারমাধ্যম হিরু টিভি প্রকাশিত ফুটেজে দেখা যায়, সৈন্যরা হাঁটুসমান পানির মধ্যে দিয়ে হেঁটে দুর্গত পরিবারগুলোকে উদ্ধার করছেন।
শ্রীলঙ্কার মধ্যাঞ্চলের নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলা খাড়া পাহাড়ি ভূখণ্ডে অবস্থিত। বর্ষাকালে এসব এলাকায় ভূমিধসের ঝুঁকি দীর্ঘদিন ধরেই বেশি। টানা বৃষ্টিতে পাহাড়ের স্যাঁতসেঁতে ঢাল ধসে পড়ে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে।কর্তৃপক্ষ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জেলাগুলোর স্কুল কবে পুনরায় খুলবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আগামী কয়েক দিনের আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।


