
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইজারা ছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নদীতীরবর্তী তিন গ্রামের বাসিন্দারা।শনিবার (৮ আগস্ট) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত আশুগঞ্জের বাহাদুরপুর এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা।অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
খবর পেয়ে সংরক্ষিত নারী সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেনসহ পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তারা অবৈধ বালু উত্তোলন বন্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে প্রায় আড়াই ঘণ্টা পর মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা।ইজারা নিয়ে স্থান পরিবর্তনের অভিযোগ
বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারিভাবে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার মেন্দিপুর এলাকায় বালু উত্তোলনের ইজারা নিলেও পরে স্থান পরিবর্তন করে মেঘনা নদীর আশুগঞ্জের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করছে।তাদের দাবি, ইজারাদাররা প্রতিদিন প্রায় অর্ধশত ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছে। এতে নদীতীরবর্তী কৃষিজমি, তাপবিদ্যুৎকেন্দ্র, জাতীয় বিদ্যুৎ সঞ্চালন লাইনের টাওয়ার, বসতবাড়িসহ বিভিন্ন স্থাপনা হুমকির মুখে পড়েছে।
বালু উত্তোলন বন্ধে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে অভিযোগ ও প্রতিবাদ জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা।হামলা-হুমকির অভিযোগএদিকে গত বৃহস্পতিবার অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। মানববন্ধনের পর প্রভাবশালী মহলের পক্ষ থেকে হামলা ও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন তারা।বিক্ষোভকারীরা বলেন, হুমকিদাতাদের দ্রুত গ্রেপ্তার ও অবৈধ বালু উত্তোলন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।


