
মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত কাঠের বোটও জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।কোস্ট গার্ড জানায়, শুক্রবার রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানাধীন লম্বরীঘাট মেরিন ড্রাইভ সংলগ্ন একটি জঙ্গলে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের সদস্যরা।অভিযান চলাকালে ওই এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি স্থান থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ২ কোটি ৫০ লাখ টাকা বলে জানানো হয়েছে।অন্যদিকে, শুক্রবার ভোর ৫টার দিকে টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপের নাফ নদী সংলগ্ন জালিয়াপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর সদস্যরা।
কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের সময় সন্দেহজনক একটি ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। তবে বোটে থাকা মাদক কারবারিরা কোস্ট গার্ডের সংকেত অমান্য করে দ্রুতগতিতে পালিয়ে যায়। একপর্যায়ে তারা জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীর তীরে বোটটি রেখে পালিয়ে যায়।পরে কোস্ট গার্ড সদস্যরা বোটটিতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত ওই ইঞ্জিনচালিত কাঠের বোটটিও জব্দ করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।
দুটি অভিযানে সব মিলিয়ে ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা ইয়াবা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, ভয়াবহ মাদকের বিস্তার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। মাদক পাচার ও কারবারের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানান তিনি।


