
চট্টগ্রাম নগরবাসীর জন্য সহজলভ্য ও মানসম্মত সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করতে আগামী ছয় মাসের মধ্যে আরও ২০ থেকে ৩০টি পানির এটিএম বুথ স্থাপনের উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম ওয়াসা।
নগরীর নিম্নআয়ের জনগোষ্ঠী অধ্যুষিত এলাকা এবং যেখানে সুপেয় পানির চাহিদা বেশি, সেসব এলাকায় অগ্রাধিকার ভিত্তিতে এসব বুথ স্থাপন করা হবে। স্বল্পমূল্যে নগরবাসীকে নিরাপদ ও সুপেয় পানি সরবরাহ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে জানিয়েছে চট্টগ্রাম ওয়াসা।চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও আন্তর্জাতিক এনজিওর সহযোগিতায় এসব পানির এটিএম বুথ স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে বর্তমানে ওয়াটারএইড ও চট্টগ্রাম ওয়াসার যৌথ উদ্যোগে পানির এটিএম বুথ স্থাপনের কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।
ওয়াসা সূত্রে জানা যায়, এসব এটিএম বুথে চট্টগ্রাম ওয়াসার সরবরাহ করা পানি সংগ্রহ করে ইউভি (UV) সিস্টেমে ফিল্টার করা হয়। এরপর স্বল্পমূল্যে সেই পানি নগরবাসীর কাছে সরবরাহ করা হয়। ফলে পথচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সহজেই বুথ থেকে প্রয়োজন অনুযায়ী সুপেয় পানি সংগ্রহ করতে পারেন।এ বিষয়ে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সেলিম মো. জানে আলম বলেন, পথচারী থেকে শুরু করে নগরীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ পানির এটিএম বুথের মাধ্যমে সুপেয় পানি পান ও সংগ্রহ করতে পারছেন। এ কারণে নগরীর বিভিন্ন এলাকা থেকে নতুন বুথ স্থাপনের জন্য অনুরোধ আসছে।
তিনি বলেন, “জনগণের চাহিদা ও সুপেয় পানি সরবরাহের স্বার্থে চট্টগ্রাম ওয়াসা বিভিন্ন উন্নয়ন সংস্থা ও এনজিওর সঙ্গে যৌথ উদ্যোগে পানির এটিএম বুথ স্থাপনের কাজ হাতে নিয়েছে।”ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, নগরবাসীর দোরগোড়ায় সুপেয় পানি পৌঁছে দেওয়া এবং পানিসেবা সহজীকরণই এ উদ্যোগের মূল উদ্দেশ্য। আগামী ছয় মাসের মধ্যে ২০ থেকে ৩০টি নতুন পানির এটিএম বুথ স্থাপনের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ এ কার্যক্রম বাস্তবায়নে নগরবাসীর সহযোগিতা কামনা করেছে।


