
শুটিংয়ের দৃশ্য ধারণের সময় ঘটে গেল অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। দৌড়ানোর একটি দৃশ্যে অভিনয় করতে গিয়ে অসাবধানতাবশত নিজের নোজ পিন বা নাকফুল গিলে ফেলেছেন জনপ্রিয় পাঞ্জাবি অভিনেত্রী ও মডেল শেহনাজ গিল।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি পর্দার পেছনের ভিডিও নিজেই ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন এই তারকা।
ইনস্টাগ্রামে ভিডিওটি পোস্ট করে শেহনাজ ক্যাপশনে লেখেন, ভিডিওটি দেখার আগে ছোট একটি গল্প জেনে নিতে। অনেকেই তাকে নোলক খুলে পড়ে যাওয়ার মুহূর্তটি পোস্ট করতে বলেছিলেন বলেও জানান তিনি।ভিডিওতে দেখা যায়, শেহনাজ শুটিং সেটে দৌড়ে আসার সময় হঠাৎ তার নাকের নোলক খুলে মুখের ভেতরে চলে যায়। এরপরই তিনি কাশতে শুরু করেন। পরিস্থিতি বুঝতে পেরে পাশে থাকা সহশিল্পী সৌরভ সচদেব দ্রুত এগিয়ে আসেন এবং শেহনাজের পিঠ চাপড়ে তাকে সামলে নেওয়ার চেষ্টা করেন।
ভিডিওটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শেহনাজের ভক্ত-অনুরাগীরা উদ্বেগ প্রকাশ করেন। কাজের প্রতি তার একাগ্রতার প্রশংসা করার পাশাপাশি অনেকেই তাকে নিজের স্বাস্থ্যের প্রতি আরও যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন।এক অনুরাগী মন্তব্য করেন, কাজের প্রতি তার ভালোবাসা বোঝা যায়, তবে নিজের যত্ন নেওয়াও জরুরি। আরেকজন তাকে শক্তিশালী নারী হিসেবে উল্লেখ করে তার মঙ্গল কামনা করেন।
জানা গেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে শেহনাজ গিলের আসন্ন পাঞ্জাবি সিনেমা ‘ইশকনামা’-র সেটে। অরবিন্দর খায়রা পরিচালিত এই পিরিয়ড রোম্যান্টিক ড্রামায় ভারতীয় পাঞ্জাবের এক শিখ তরুণ ও পাকিস্তানি পাঞ্জাবের এক মুসলিম তরুণীর প্রেমের গল্প তুলে ধরা হয়েছে।তবে নাকফুল গিলে ফেলার ওই ঘটনার পর শেহনাজ গিলের বর্তমান শারীরিক অবস্থা কেমন, তা জানা যায়নি।


