সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
spot_img

সাকিব ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’, মন্তব্য তথ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক:
ক্রিকেটার ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে ‘নষ্ট-পচে যাওয়া মানুষ’ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। একই সঙ্গে সাকিব দেশে ফিরলে তাঁকে নিরাপত্তা দেওয়া হবে এবং তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগগুলো আইনগত প্রক্রিয়ায় মোকাবিলার সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

মঙ্গলবার সচিবালয়ে সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডের অগ্রগতি জানাতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা এসব কথা বলেন।

সাকিব আল হাসান প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, ‘ভালো খেলোয়াড় হতে পারেন। উনি একজন নষ্ট-পচে যাওয়া মানুষ, যে মানুষ হাসিনার সঙ্গে অ্যালাইন হন এবং এখনো অ্যালাইন থাকেন।’ তিনি বলেন, সাকিব দেশে ফিরলে তাঁর নিরাপত্তা নিশ্চিত করা হবে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে থাকা অভিযোগ ও আইনগত বিষয়গুলোও যথাযথ প্রক্রিয়ায় মোকাবিলা করতে হবে। সংবাদ সম্মেলনে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে তাঁর ক্ষেত্রেও নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান তথ্য উপদেষ্টা। জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনা ডিসেম্বর মাসে দেশে ফেরার কথা বলেছেন। তিনি দেশে ফিরলে তাঁকে পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং তাঁর সব ধরনের নাগরিক ও আইনগত অধিকার নিশ্চিত করে বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি করা হবে। এরপর আদালত যে সিদ্ধান্ত দেবেন, তা সবাইকে মেনে নিতে হবে।

তিনি আরও বলেন, ‘আমরা হাসিনার মতো একটা মাফিয়া রেজিম এই দেশে আর দেখতে চাই না। এটা ভবিষ্যতেও হতে দেব না, কোনো ফ্যাসিস্ট মাফিয়া রেজিম না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র।’ তথ্য উপদেষ্টা বলেন, সাকিব আল হাসান কিংবা শেখ হাসিনা—যিনিই হোন না কেন, সবচেয়ে গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরও নাগরিক ও সাংবিধানিক অধিকার নিশ্চিত করা হবে। তিনি বলেন, দেশে আইনের শাসন ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হলে অভিযুক্ত ব্যক্তির বিচারও আইন ও সংবিধান অনুযায়ী হতে হবে। কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ থাকলে তা যথাযথ বিচারিক প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।

সংবাদ সম্মেলনে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আবদাল আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

- Advertisement -spot_img

পাঠকের আগ্রহ

সম্পর্কিত