
নারীর সঙ্গে বিয়ের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার নকশাকার মো. মমিনুল হককে ৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত সূত্রে জানা যায়, মমিনুল হকের বিরুদ্ধে পেনাল কোডের ৪৯৩ ধারায় অভিযোগ আনা হয়। বিচারিক কার্যক্রম শেষে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় চট্টগ্রামের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে ওই ধারায় দোষী সাব্যস্ত করে এ সাজা দেন।রায়ের পর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। দীর্ঘদিন পলাতক থাকার পর গত ২ আগস্ট ২০২৬ তিনি আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বর্তমানে তিনি সাজা পরোয়ানা মূলে কারাগারে রয়েছেন। মমিনুল হক মিরসরাই উপজেলার ধুম ইউনিয়নের মহাজনহাট এলাকার হাজী মুনসী মিয়ার বাড়ির মজিবুল হকের ছেলে।মামলার অভিযোগে বলা হয়, মমিনুল হক এক নারীর সঙ্গে বিয়ের নাটক সাজিয়ে সংসার করেন এবং পরবর্তীতে ওই নারীর সঙ্গে প্রতারণা করেন। এ ঘটনায় ভুক্তভোগী নারী আদালতে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় মমিনুল হককে দণ্ডিত করেন।


