
সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোটসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৫ সেপ্টেম্বর ‘এফভি রিফাত’ নামের একটি ফিশিং বোট ১৩ জন জেলেসহ টেকনাফ থেকে মাছ ধরার উদ্দেশ্যে সমুদ্রে যায়। পরে ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টার দিকে মাছ আহরণ শেষে পোতাশ্রয়ে ফেরার পথে বোটটির ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্রে বোটটি ভাসতে থাকে।এ সময় বোটে থাকা এক জেলে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার অভিযান শুরু করে কোস্ট গার্ড।
প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গভীর সমুদ্রে টহলরত কোস্ট গার্ডের জাহাজ বিসিজিএস সৈয়দ নজরুল উদ্ধার অভিযান পরিচালনা করে। পরে সেন্টমার্টিন থেকে প্রায় ১২ নটিক্যাল মাইল দক্ষিণে বিকল ফিশিং বোটটি শনাক্ত করে সেটিসহ ১৩ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।উদ্ধারের পর জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়। বর্তমানে উদ্ধার করা ফিশিং বোটসহ জেলেদের মালিকপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, সমুদ্রে জেলেদের জরুরি প্রয়োজনে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করা যায়। একই সঙ্গে জরুরি উদ্ধার কার্যক্রমে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।


