
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ‘অটো ফাইন সিস্টেম’। মহাসড়কে নিরাপত্তা নিশ্চিত ও ট্রাফিক শৃঙ্খলা জোরদারের লক্ষ্যে মঙ্গলবার (১৮ আগস্ট) থেকে দেশের ব্যস্ততম এ মহাসড়কে নতুন এ ব্যবস্থা চালু করবে হাইওয়ে পুলিশ।হাইওয়ে পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এআই প্রযুক্তির ক্যামেরার মাধ্যমে মহাসড়কে বিভিন্ন ধরনের ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করা হবে। এর মধ্যে নির্ধারিত গতিসীমা অতিক্রম, অবৈধ পার্কিং, উল্টোপথে গাড়ি চালানোসহ বিভিন্ন অপরাধ রয়েছে।
কোনো যানবাহন আইন লঙ্ঘন করলে এআই ক্যামেরার মাধ্যমে সেটি শনাক্ত হওয়ার পর স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট গাড়ির নিবন্ধিত মালিকের মোবাইল ফোনে এসএমএস পাঠানো হবে। ওই এসএমএসে মামলার তথ্য জানানো হবে।পরে নির্ধারিত নিয়ম অনুসরণ করে প্রচলিত মোবাইল ব্যাংকিং সেবার মাধ্যমে জরিমানার অর্থ পরিশোধ করতে পারবেন সংশ্লিষ্ট মালিক।হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি (মিডিয়া) মুনতাসিরুল ইসলাম জানান, প্রযুক্তিনির্ভর এ ব্যবস্থার ফলে মহাসড়কে সংঘটিত বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা দ্রুত শনাক্ত করা সম্ভব হবে।তিনি বলেন, এর মাধ্যমে মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলা আরও জোরদার হওয়ার পাশাপাশি সড়ক নিরাপত্তাও বাড়বে।


