
বঙ্গভবন থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ১টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন ত্যাগ করেন। এ সময় বঙ্গভবনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে বিদায় জানান।বিদায় অনুষ্ঠানের শুরুতে সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় তিনি গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন।পরে বঙ্গভবনে উপস্থিত কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্টদের সঙ্গে বিদায়ী শুভেচ্ছা বিনিময় করেন হাফিজ উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান, রাষ্ট্রপতির সামরিক ও বেসামরিক সচিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বিদায় নেওয়ার আগে দেশের শান্তি, অগ্রগতি ও সরকারের সাফল্য কামনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। এরপর নির্ধারিত প্রটোকল অনুযায়ী গাড়িবহর নিয়ে বঙ্গভবন এলাকা ত্যাগ করেন তিনি।প্রকাশিত একটি ভিডিওতে হাফিজ উদ্দিন আহমদের গাড়িবহর বঙ্গভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়।আজ নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটএদিকে দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার দুপুর ২টায় নতুন রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা রয়েছে।
এ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনেও ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।এর আগে গত ২৪ জুলাই সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করেন। এরপর সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।নতুন রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে শিগগিরই ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বের অবসান ঘটতে যাচ্ছে। নির্বাচনের পর সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ করবেন।রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে বঙ্গভবন ও জাতীয় সংসদ এলাকায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। নির্বাচনী কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।


