
দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের সংসদকক্ষে এ ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার হিসেবে রয়েছেন জাতীয় সংসদের ৩৪৯ জন সদস্য। তফসিল অনুযায়ী, সংসদ সদস্যরা নির্ধারিত নিয়ম অনুসরণ করে ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।এবার রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন দুজন প্রার্থী। ক্ষমতাসীন বিএনপির মনোনীত প্রার্থী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী অলি আহমদ।সংসদে বিএনপির সদস্য সংখ্যা ২৪৭ জন হওয়ায় সংখ্যাগরিষ্ঠতার বিচারে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দুজন প্রার্থী থাকায় আইন ও তফসিল অনুযায়ী ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।
১৯৯১ সালে সংসদীয় সরকারব্যবস্থা পুনঃপ্রবর্তনের পর ওই বছরই রাষ্ট্রপতি নির্বাচনে প্রথমবারের মতো সংসদ সদস্যরা ভোট দেন। এরপর পরবর্তী সাতজন রাষ্ট্রপতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে এবার দ্বিতীয়বারের মতো সংসদ সদস্যরা সরাসরি ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন করছেন।যেভাবে ভোট দিচ্ছেন সংসদ সদস্যরানির্ধারিত সময়ের মধ্যে সংসদ সদস্যদের সংসদকক্ষে প্রবেশ করে ব্যালট সংগ্রহ ও ভোট দিতে হচ্ছে। সংসদকক্ষে প্রবেশের সময় সংসদ সচিবালয় থেকে সরবরাহ করা আইডি কার্ড সঙ্গে রাখতে হচ্ছে।
নিজ আসনে বসার পর সহায়তাকারী কর্মকর্তার কাছ থেকে নাম ও বিভক্তি নম্বর মুদ্রিত ব্যালট পেপার সংগ্রহ করতে হবে। এরপর ব্যালটের নির্ধারিত অংশে পছন্দের প্রার্থীর নামের বিপরীতে নিজের পূর্ণ নাম লিখে ভোট দিতে হবে।ভোট দেওয়া শেষে ব্যালট পেপার সংসদকক্ষে রাখা নির্ধারিত ব্যালট বাক্সে জমা দিতে হবে। কোনো কারণে ব্যালট পেপার নষ্ট হয়ে গেলে তা ব্যালট বাক্সে দেওয়ার আগে নির্বাচনকর্তার কাছে উপস্থাপন করতে হবে।ভোটগ্রহণ চলাকালে সংসদ সদস্যদের বৈঠকে কোনো ধরনের নির্বাচনী প্রচার, বক্তব্য বা ভাষণ দেওয়া নিষিদ্ধ। ভোট দেওয়ার সময় কোনো সমস্যা হলে চিফ হুইপ ও বিরোধীদলের চিফ হুইপের সহযোগিতা নেওয়ার নির্দেশনা রয়েছে।
বিকেল ৫টার পর গণনা
বিকেল ৫টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই ব্যালট গণনা শুরু হবে। কতজন ভোট দিয়েছেন, কতটি ব্যালট বৈধ ও বাতিল হয়েছে এবং কতটি ব্যালট অব্যবহৃত রয়েছে—এসব হিসাব করা হবে।এরপর প্রার্থীদের প্রাপ্ত বৈধ ভোট গণনা করে সর্বাধিক ভোট পাওয়া প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবেন নির্বাচনকর্তা। পরে নির্বাচন কমিশন থেকে রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করা হবে।এর আগে গত ২৪ জুলাই অসুস্থতার কারণ দেখিয়ে ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন।
রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর ৬ আগস্ট নতুন রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।তফসিল অনুযায়ী, গত ১৩ আগস্ট বিএনপি মনোনীত মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১-দলীয় ঐক্য মনোনীত অলি আহমদ মনোনয়নপত্র দাখিল করেন। ১৬ আগস্ট মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুই প্রার্থীর মনোনয়নই বৈধ ঘোষণা করা হয়।


