মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

কাঁচা-রান্না খাবার একসঙ্গে ফ্রিজে, চসিকের অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর পাথরঘাটা এলাকার মিরিন্ডা লেইন, বান্ডেল রোড ও ব্রিকফিল্ড রোডে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেবেলবিহীন পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা। অভিযানকালে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বেকারি পণ্য ও হোটেলের খাবার তৈরি, মেয়াদবিহীন ও লেবেলবিহীন পণ্য বিক্রি, কাঁচা ও রান্না করা খাবার একই ফ্রিজে সংরক্ষণ, খাদ্যপণ্যে বিভিন্ন ধরনের রাসায়নিক ব্যবহার এবং দোকানের সামনে ময়লা-আবর্জনা জমিয়ে রাখার মতো অনিয়মের অভিযোগ পাওয়া যায়।

এসব অপরাধে বান্ডেল রোডের মিশুক রেস্তোরাঁ এন্ড বিরানি হাউসকে ২০ হাজার টাকা, মিরিন্ডা লেইনের চট্টলা হোটেল এন্ড সুইটসকে ১০ হাজার টাকা এবং ব্রিকফিল্ড রোডের টেস্টি বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। চসিক সূত্র জানায়, নগরবাসীর জন্য নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। খাদ্যপণ্যের মান, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত