মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
spot_img

চট্টগ্রামে প্রতিবন্ধী সম্মেলন,অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সমঅধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে অংশীজনদের সম্পৃক্ত করার লক্ষ্যে চট্টগ্রামে ‘প্রতিবন্ধী ব্যক্তিদের সম্মেলন–২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট) থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থা (JSUS), সেন্টার ফর ডিসএবলস কনসার্ন (CDC), স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন ও সংশপ্তকের যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের উপস্থাপক দিলরুবা খানম ছুটির সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কর্ণফুলী এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম ম্যানেজার জনি রোজাজিও।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পাঠান মোঃ সাইদুজ্জামান। প্রধান আলোচক ছিলেন যুগ্ম জেলা ও দায়রা জজ রূপন কুমার দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর চৌধুরী মঞ্জুরুল হক এবং জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের কামরুল পাশা ভুইয়া।সম্মেলনে প্রায় ৩০০ জন অংশগ্রহণ করেন। এর মূল উদ্দেশ্য ছিল প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সমঅধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন অংশীজনের সমন্বয় জোরদার করা।বক্তারা বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য শুধু লোকদেখানো সমর্থন নয়, বরং সক্রিয় আস্থা, ক্ষমতার অংশীদারত্ব এবং প্রকৃত স্বকীয়তা নিশ্চিত করতে হবে। সমাজের সব ক্ষেত্রে সার্বজনীন প্রবেশগম্যতা নিশ্চিত করার পাশাপাশি প্রতিবন্ধী ব্যক্তিদের জীবন-অভিজ্ঞতাকে বিশেষজ্ঞতা হিসেবে মূল্যায়ন করতে হবে।

তারা আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার নিশ্চিত হলে সমাজ আরও সমতাভিত্তিক, মর্যাদাপূর্ণ ও মানবিক হয়ে উঠবে। সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে তাদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দেওয়ার ওপরও জোর দেন বক্তারা।সম্মেলনে আয়োজক প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোঃ আলী সিকদার, যুগান্তর সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াসমীন পারভিন, সেন্টার ফর ডিসএবলস কনসার্নের নির্বাহী পরিচালক লুৎফুন্নেছা রূপসা এবং সংশপ্তকের প্রধান নির্বাহী লিটন চৌধুরী।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন রীতা দোলন রোজারিও, শারমিন আক্তার, রিপা চাকমা, পায়েল খ্রীস্টিনা দাশ ও স্মীতা দে।সম্মেলনের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় ও সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে আয়োজকরা জানান।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত