
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অভিযান চালিয়ে ১১৮ বোতল বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব-৭। এ সময় মাদক পরিবহনের অভিযোগে মোঃ আরিফুল ইসলাম ভূঞা (২১) নামে একজনকে আটক করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।র্যাব-৭ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, ফেনী থেকে একটি প্রাইভেটকারে করে বিদেশি মদের চালান চট্টগ্রাম শহরের দিকে আনা হচ্ছে। এর ভিত্তিতে রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে কোতোয়ালী থানাধীন মমিন রোডের কদম মোবারক এতিমখানা মার্কেটের সামনে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করা হয়।
রাত আনুমানিক ৬টা ৫৫ মিনিটে সন্দেহভাজন প্রাইভেটকারটি চেকপোস্টের কাছে এলে থামার সংকেত দেওয়া হয়। র্যাবের দাবি, চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে চেকপোস্ট অতিক্রম করে পালানোর চেষ্টা করলে অভিযান চালিয়ে গাড়ির চালক আরিফুল ইসলাম ভূঞাকে আটক করা হয়। এ সময় গাড়িতে থাকা অপর এক ব্যক্তি কৌশলে নেমে পালিয়ে যায়।পরে প্রাইভেটকারের ভেতরে ও পেছনে থাকা আটটি বাদামি রঙের তেলের কার্টনের মধ্যে তল্লাশি চালিয়ে বিভিন্ন ব্র্যান্ডের স্টিকারযুক্ত ১১৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আরিফুল জানিয়েছেন, তিনি ও পলাতক সহযোগী দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ বিক্রির উদ্দেশ্যে সংগ্রহ করে চট্টগ্রাম শহরের বিভিন্ন পাইকারি মাদক ব্যবসায়ীর কাছে বিক্রি করে আসছিলেন।আটক ব্যক্তি, পলাতক সহযোগী ও উদ্ধার করা মাদকদ্রব্যের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র্যাব-৭।


