
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কর্ণফুলী নদীতে ব্রিজ থেকে ঝাঁপ দেওয়া অজ্ঞাতপরিচয় এক নারীকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় মাঝিরা। উদ্ধারের পর ওই নারীকে অচেতন অবস্থায় পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হঠাৎ ওই নারী ব্রিজ থেকে কর্ণফুলী নদীর গভীর পানিতে ঝাঁপ দেন। পরে তীব্র স্রোতে তিনি ভাসতে থাকেন। বিষয়টি দেখতে পেয়ে নদীতে থাকা কয়েকজন মাঝি দ্রুত নৌকা নিয়ে তার কাছে ছুটে যান। পরে ঝুঁকি নিয়ে ভাসমান অবস্থায় ওই নারীকে নৌকায় তুলে তীরে নিয়ে আসেন তারা। তবে উদ্ধারের পরও তার জ্ঞান ফেরেনি। এ কারণে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় বা ঠিকানা জানা সম্ভব হয়নি।
ঘটনাটি প্রত্যক্ষ করেন স্থানীয় বাসিন্দা দানু মিয়া। তিনি দ্রুত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি জানান। নারীটির পরিচয় ও পরবর্তী চিকিৎসার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম


