
চট্টগ্রামকে আধুনিক, নিরাপদ, পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর স্মার্ট নগর হিসেবে গড়ে তুলতে প্রযুক্তি ও গবেষণার বাস্তব প্রয়োগে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও প্রিমিয়ার ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রযুক্তি সম্মেলন ‘আইকনেক্ট ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেয়র বলেন, প্রযুক্তি এখন শুধু কম্পিউটার বা মোবাইল ফোনে সীমাবদ্ধ নয়। যানজট, জলাবদ্ধতা, বর্জ্য ব্যবস্থাপনা, নিরাপত্তা, পরিবেশ ও নাগরিক সেবাসহ একটি আধুনিক শহরের প্রায় প্রতিটি ক্ষেত্রেই প্রযুক্তির ব্যবহার প্রয়োজন। তিনি বলেন, নগরীর যানজট কমাতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক স্মার্ট ট্রাফিক ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যানবাহনের চাপ বিশ্লেষণ করে ট্রাফিক সিগন্যাল আরও কার্যকর করার পাশাপাশি অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন অমান্যের বিষয়গুলো প্রযুক্তির মাধ্যমে পর্যবেক্ষণের উদ্যোগ রয়েছে।
মেয়র আরও বলেন, ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপের মাধ্যমে নগরবাসী রাস্তা, জলাবদ্ধতা, মশা, বর্জ্য, সড়কবাতি ও পয়োনিষ্কাশনসহ বিভিন্ন নাগরিক সমস্যা জানাতে পারছেন। জরুরি সেবা, কর ব্যবস্থাপনা ও ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সেবাকেও ডিজিটাল প্ল্যাটফর্মের আওতায় আনার কাজ চলছে। নগরীর নিরাপত্তা ও আলোকায়ন ব্যবস্থায়ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর কথা জানিয়ে তিনি বলেন, প্রায় ১৩০ কিলোমিটার সড়কে সৌরবিদ্যুৎচালিত আধুনিক এলইডি সড়কবাতি, ইলেকট্রনিক ডিসপ্লে বোর্ড ও সিসিটিভি ক্যামেরা স্থাপনের পরিকল্পনা রয়েছে।
ঝুলন্ত তারের জঞ্জাল কমিয়ে মাটির নিচ দিয়ে অপটিক্যাল ফাইবার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মেয়র। একই সঙ্গে জলাবদ্ধতা, পরিবেশ দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনায় এআই ও অন্যান্য প্রযুক্তি ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের বাস্তব সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, সিটি কর্পোরেশন ও শিল্পখাতকে একসঙ্গে কাজ করতে হবে। স্থানীয় গবেষক ও তরুণ প্রযুক্তিবিদদের উদ্ভাবন নগর ব্যবস্থাপনায় কাজে লাগানোর ওপর গুরুত্ব দেন তিনি।
তিনি বলেন, স্মার্ট সিটি মানে শুধু বড় বড় প্রযুক্তি স্থাপন নয়; নাগরিকের সময় ও ভোগান্তি কমানো, সেবা সহজ করা এবং তথ্য ও প্রযুক্তির মাধ্যমে দ্রুত সিদ্ধান্ত নেওয়াই স্মার্ট নগরের লক্ষ্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। দেশ-বিদেশের গবেষক, শিক্ষাবিদ, শিল্পখাতের প্রতিনিধি ও প্রযুক্তিবিদরা সম্মেলনে অংশ নিচ্ছেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, বিদ্যুৎ ব্যবস্থা, যোগাযোগ প্রযুক্তি ও কম্পিউটার প্রযুক্তিসহ আধুনিক প্রযুক্তির বিভিন্ন বিষয়ে গবেষণা ও জ্ঞান বিনিময় হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং সম্মেলনের আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
ডেস্ক রিপোর্ট | নোঙর নিউজ, চট্টগ্রাম


