
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে প্রায় ৫০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও পাচার কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে টেকনাফ থানাধীন কেরুনতলী সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ। এ সময় সন্দেহজনক একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ১০ হাজার পিস ইয়াবা, একটি মোবাইল ফোন ও সিএনজিসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫০ লাখ টাকা বলে জানিয়েছে কোস্ট গার্ড।আটক মাদক কারবারি ও জব্দ আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ড জানায়, ভয়াবহ মাদকের বিস্তার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


