রবিবার, নভেম্বর ৮, ২০২৬

অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কার্যকর হয় না: অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করতে পারলে রাজনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম হবে। অর্থনীতি গণতান্ত্রিক না হলে রাজনৈতিক গণতন্ত্র কখনো কার্যকর হয় না। আর অর্থনীতিতে গণতান্ত্রিক ব্যবস্থা না থাকলে দেশের উন্নয়নও বাধাগ্রস্ত হয়।

রোববার (৮ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিসংখ্যান দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, সঠিক তথ্য ছাড়া কোনোভাবেই স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। সরকার তথ্যের স্বচ্ছতা প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ লক্ষ্যেই বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোকে (বিবিএস) পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে।

তিনি বলেন, কোনো সরকার দেশের তথ্য নিয়ে প্রতারণা করলে তা নিজের সঙ্গে নিজে প্রতারণা করার শামিল। রাষ্ট্রের উন্নয়ন পরিকল্পনা ও নীতিনির্ধারণে সঠিক পরিসংখ্যান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই তথ্য সংগ্রহ ও প্রকাশের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।

বিগত সরকারের প্রসঙ্গ এড়িয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আমি কোনো সরকারের বিগত দিনের আলোচনায় যেতে চাই না। এটি ওয়েস্ট অব টাইম।’

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নির্ভরযোগ্য ও সহজলভ্য পরিসংখ্যানের গুরুত্ব এবং দেশের উন্নয়ন পরিকল্পনায় তথ্যের যথাযথ ব্যবহারের বিষয়টি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি বলেন, সরকার কোনো ধরনের তথ্য বিকৃত করতে চায় না। পরিসংখ্যান তৈরিতে রাজনৈতিক হস্তক্ষেপ থাকবে না। জনগণ যেন নির্ভরযোগ্য তথ্য পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

এ ছাড়া অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও অতিথিরা অনুষ্ঠানে বক্তব্য দেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত