বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

মালয়েশিয়ায় প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিয়ে মতবিনিময় সভা ও স্মার্টকার্ড বিতরণ

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশিদের জাতীয় নির্বাচনে ভোটদানের সুযোগ ও প্রক্রিয়া নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে প্রবাসীদের মধ্যে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) বিতরণ করা হয়।

রোববার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে কুয়ালালামপুরের জি টাওয়ারে এ সভার আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোসাম্মাত শাহানারা মনিকা।

বক্তৃতার শুরুতে নির্বাচন কমিশনার মুক্তিযুদ্ধের শহিদ এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি বলেন, “বর্তমান নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে আন্তরিক। ইতিহাসে এবারই প্রথম প্রবাসীরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এ জন্য কমিশন নিরলসভাবে কাজ করছে।”

তিনি জানান, প্রবাসীদের জন্য ‘তথ্যপ্রযুক্তি-সহায়ক পোস্টাল ভোটিং’ চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। প্রবাসী ভোটাররা অনলাইনে আবেদন ও নিবন্ধন করতে পারবেন। এ জন্য একটি মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভোটার তালিকাভুক্ত হতে হবে। এরপর ডাকযোগে ব্যালট পেপার ও ফিরতি খাম প্রেরণ করা হবে। ভোটাররা নির্ধারিত খামে ব্যালট পাঠিয়ে তা সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে পৌঁছে দেবেন। এছাড়া ভোটাররা তাদের ব্যালট অনলাইনে ট্র্যাক করতে পারবেন।

ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহানারা মনিকা প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার উদ্যোগ নেওয়ায় নির্বাচন কমিশনারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “ভোটিং প্রক্রিয়ায় প্রবাসীদের অংশগ্রহণে সহায়তা করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী হাইকমিশন সব ধরনের প্রচার-প্রচারণা চালাবে।”

পরে নির্বাচন কমিশনার প্রবাসীদের হাতে জাতীয় পরিচয়পত্র (স্মার্টকার্ড) তুলে দেন এবং উপস্থিত প্রবাসী ও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির প্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, সাংবাদিক এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত