
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে কলকাতায় পৌঁছেছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এ সময় পুরো বিমানবন্দর এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
বিমানবন্দর থেকে বের হওয়ার সময় হাজারো বিজেপি কর্মী-সমর্থক মোদীকে স্বাগত জানান। ভিড়ের মধ্যে গাড়ি থামিয়ে নেমে তিনি সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন। পরে প্রধানমন্ত্রীর কনভয় রাজভবনের উদ্দেশে রওনা হয় এবং সেখানেই তিনি রাতযাপন করেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) থেকে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত তিনি কলকাতায় অবস্থান করবেন। সফরকালে তিনি ফোর্ট উইলিয়ামে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেবেন। অনুষ্ঠানে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং সেনাবাহিনীর তিন শীর্ষ কর্মকর্তা উপস্থিত থাকবেন।
সামনে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। এ প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। গত এক মাসের মধ্যে এটি তার দ্বিতীয় কলকাতা সফর। এর আগে ২২ আগস্ট তিনি কলকাতায় মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।
রাজনৈতিক মহলে আলোচনা চলছে—প্রধানমন্ত্রী মোদী রাজ্য বিজেপি নেতৃত্বের সঙ্গে কোনো গোপন বৈঠক করবেন কিনা কিংবা দলের কর্মী-সমর্থকদের জন্য বিশেষ কোনো বার্তা নিয়ে এসেছেন কিনা।
নরেন্দ্র মোদীর চলমান সফর পাঁচটি রাজ্যজুড়ে হচ্ছে। এর মধ্যে রয়েছে—মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ এবং বিহার। এরই ধারাবাহিকতায় তিনি আসাম সফর শেষে সরাসরি কলকাতায় পৌঁছান।


