বৃহস্পতিবার, সেপ্টেম্বর ২৪, ২০২৬
spot_img

বিস্ফোরক মামলায় মির্জা ফখরুলসহ ৬৬ জনকে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক

ঢাকার মহানগর দায়রা জজ আদালত রাজধানীর রমনা থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৬ জনকে অব্যাহতি দিয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পুলিশ কর্তৃক দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের পর আদালত এই আদেশ দেন।

অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, হাবিব উন নবী খান সোহেল, মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, বিএনপি নেতা সুলতান সালাহ উদ্দিন টুকু, ফজলুল হক মিলন, এসএম রবিউল ইসলাম নয়ন, তাবিথ আউয়াল, জহির উদ্দিন স্বপন প্রমুখ।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা ২০২৩ সালের ২৮ অক্টোবর রমনা থানার সামনে, পাইওনিয়ার রোডস্থ বিভাগীয় কমিশনার ভবনের সামনে বেআইনি সমাবেশ আয়োজন করে রাষ্ট্রবিরোধী বিভিন্ন স্লোগান দেয় এবং মিছিল শুরু করে। মিছিলটি যখন সেগুনবাগিচা কাঁচাবাজার এলাকায় পৌঁছায়, তখন তারা একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। পরে ওই বছরের ৩১ অক্টোবর রমনা থানার এসআই আউয়াল মির্জা ফখরুলসহ ৫৫ জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

২০২৪ সালের ২১ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা আদালতে মির্জা ফখরুলসহ ৬৬ জনের অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন। এরপর আদালত পুলিশ প্রতিবেদন গ্রহণ করে এবং আসামিদের অব্যাহতির নির্দেশ দেন।

এই আদেশের মাধ্যমে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই মামলার কোনো আইনি দায় থেকে মুক্তি পেয়েছেন।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত