
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অরক্ষিত লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবিতে রেলপথ অবরোধ করেছেন এলাকাবাসী। এতে সাময়িক সময়ের জন্য দুইটি আন্তঃনগর ট্রেন চলাচল ব্যাহত হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের গ্রীসনগর এলাকায় আখাউড়া-চট্টগ্রাম রেলপথে এ বিক্ষোভ হয়। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মহানগর প্রভাতি এক্সপ্রেস ও চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন দুটি প্রায় পাঁচ মিনিট আটকে থাকে।
দুর্ঘটনার পর উত্তেজনা
স্থানীয়রা জানান, সোমবার একই লেভেল ক্রসিংয়ে আন্তঃনগর বিজয় এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক ও এক নারী যাত্রী ঘটনাস্থলেই মারা যান। ওই স্থানে পূর্বেও একাধিক দুর্ঘটনা ঘটেছে। প্রতিদিন শিক্ষার্থীসহ স্থানীয়রা ঝুঁকি নিয়ে পারাপার করতে বাধ্য হন।
এলাকাবাসীর দাবি
বিক্ষোভে নেতৃত্ব দেন জাহাঙ্গীর আলম নামের এক বাসিন্দা। তিনি বলেন,
“অরক্ষিত এই লেভেল ক্রসিংয়ে বারবার দুর্ঘটনা ঘটছে, জানমালের ক্ষতি হচ্ছে। তাই বাধ্য হয়েই রেলপথ অবরোধ করে গেট নির্মাণ ও গেটম্যান নিয়োগের দাবি জানিয়েছি।”
প্রশাসনের বক্তব্য
খবর পেয়ে আখাউড়া থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আখাউড়া রেলওয়ে থানার ওসি এসএম সফিকুল ইসলাম বলেন, “অবরোধের পর দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।”
আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট নুর নবী জানান, “অবরোধের কারণে মহানগর প্রভাতি ও চট্টলা এক্সপ্রেস ট্রেন দুটি মাত্র পাঁচ মিনিট বিলম্বে চলাচল করেছে।”
রেলওয়ে স্টেশনের সহকারী নির্বাহী প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, “গ্রীসনগর এলাকার লেভেল ক্রসিংয়ে গেট নির্মাণের দাবি দীর্ঘদিনের। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”


