
ফরিদপুরের আলফাডাঙ্গায় থানা থেকে মামলা তুলে না নেওয়ায় বাদীর ছেলেকে কুপিয়ে গুরুতর জখমের ঘটনা ঘটেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাধর গ্রামে এ ঘটনা ঘটে। আহত কিশোরের নাম এলাহী মোল্যা (১৫), তিনি জহিরুল মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয়দের তথ্য অনুযায়ী, গ্রামের বিরোধের জের ধরে দীর্ঘদিন ধরে বোরহান মিয়া পক্ষের লোকজনের সঙ্গে জহিরুল মোল্যার দ্বন্দ্ব চলে আসছিল। গত ২৮ আগস্ট জহিরুলের ওপর হামলার পরে তিন দিন পর তিনি ২৮ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। মামলার ২৫ আসামি জামিন নিয়ে এলাকায় আসার পর থেকে মামলার বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়া হয়।
মঙ্গলবার রাতের ঘটনায় আসামি পক্ষের লোকজন জহিরুলের বাড়িতে হামলা চালালে, বাড়িতে না থাকার কারণে তার ১৫ বছর বয়সী ছেলে এলাহীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। এছাড়া লোহার রড ও হকিস্টিক দিয়ে তাকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। এলাহীকে উদ্ধার করে পার্শ্ববর্তী কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ভুক্তভোগী জহিরুল মোল্যা বলেন, “আমি শারীরিক প্রতিবন্ধী হলেও সংসার চালাই, গ্রামের ঝামেলায় জড়াই না। তারপরও প্রতিপক্ষের লোকজন আমাকে হুমকি দিচ্ছিল এবং শেষ পর্যন্ত আমার ছেলে আক্রান্ত হয়েছে। এখন আমি প্রাণভয়ে দিন কাটাচ্ছি।”
এ ঘটনায় এলাহী মোল্যার পরিবার থানায় অভিযোগ দাখিলের প্রস্তুতি নিচ্ছে। অভিযুক্ত বোরহান মিয়ার বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।


