
সোমবার ২২ সেপ্টেম্বর আনোয়ারা উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে “হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র ও মৎস্য সম্পদ সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অংশীজনের উদ্বুদ্ধকরণ সেমিনার ও কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ রাশিদুল হক।
অনুষ্ঠানে সাংবাদিক সভাপতি-সাধারণ সম্পাদকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং জেলে প্রতিনিধিরা অংশ নেন।
প্রধান অতিথি বলেন, ঐতিহ্যবাহী হালদা নদী বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র। এটি এশিয়ার মধ্যে সবচেয়ে বড় কার্প জাতীয় মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র। কার্প জাতীয় মৎস্য উৎপাদন বৃদ্ধিতে হালদার অবদান অপরিসীম।
তিনি আরও বলেন, নদীর স্বকীয়তা রক্ষা করতে হলে মাছের প্রজনন ক্ষেত্রের ক্ষতি রোধ, বৃক্ষ নিধন বন্ধ, বনায়ন বৃদ্ধি, বালু উত্তোলন ও পাহাড় কাটা নিয়ন্ত্রণ এবং নদী দূষণ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। এতে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণে সুদূরপ্রসারী ইতিবাচক ফলাফল আসবে।
কর্মশালায় অংশগ্রহণকারী জেলে প্রতিনিধিগণও তাদের মতামত ব্যক্ত করেন।


