শুক্রবার, সেপ্টেম্বর ২৫, ২০২৬
spot_img

চট্টগ্রামে ১৬ আসনের ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি, ৯ অক্টোবর শুনানি

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ৮৬টি ভোটকেন্দ্র নিয়ে আপত্তি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতারা। নির্বাচন কমিশন এসব আপত্তির শুনানির জন্য আগামী ৯ অক্টোবর তারিখ নির্ধারণ করেছে।

ইসি সূত্রে জানা গেছে, চট্টগ্রামে খসড়া তালিকা অনুযায়ী ১,৯৫৯টি ভোটকেন্দ্র এবং ১২,৬৫৬টি ভোটকক্ষ (বুথ) নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৮৬টি কেন্দ্র নিয়ে আপত্তি এসেছে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তার দপ্তরে।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) এবং চট্টগ্রাম-১৫ (লোহাগাড়া-সাতকানিয়া আংশিক) আসন ছাড়া বাকি আসনগুলোতে এই আপত্তিগুলো উঠেছে। সবচেয়ে বেশি আপত্তি জমা পড়েছে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে—১৮টি কেন্দ্র নিয়ে। এরপর চট্টগ্রাম-১০ (ডবলমুরিং-হালিশহর-পাহাড়তলী-খুলশী) ও চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে ১০টি করে আপত্তি এসেছে।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি), চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১-২ নম্বর ওয়ার্ড), এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ১টি করে আপত্তি জমা পড়েছে।

চট্টগ্রামের সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. বশির আহমেদ জানিয়েছেন, আপত্তির শুনানি শেষে যৌক্তিক দাবি বিবেচনায় ভোটকেন্দ্র পুনর্বিন্যাস করা হতে পারে। ২০ অক্টোবর চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

- Advertisement -spot_img
  • পঠিত
  • সর্বশেষ

পাঠকের আগ্রহ

সম্পর্কিত