

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ধর্ম নয়, জাতীয় ঐক্যই হোক বাংলাদেশের শক্তির ভিত্তি। তিনি বলেন, আমরা জাতিকে ধর্মীয় বিভাজনের পথে নিতে চাই না, বরং সবাই মিলে একটি মানবিক ও ঐক্যবদ্ধ সমাজ গঠন করতে চাই।
শনিবার (৪ অক্টোবর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতের কেন্দ্রীয় উলামা কমিটির উদ্যোগে আয়োজিত দাঈ ও ওয়ায়েজদের সম্মেলনে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের সামাজিক কাঠামোতে বহু ধর্ম ও সম্প্রদায়ের মানুষ যুগের পর যুগ শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছে। এটি আমাদের জন্য গর্বের বিষয়। সর্বশেষ আদমশুমারি অনুযায়ী, দেশের ৯০.৮ শতাংশ মানুষ মুসলমান হলেও, আমরা ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে জাতিকে বিভক্ত করার বিপক্ষে।
তিনি আরও বলেন, স্বাধীনতার পাঁচ দশক পেরিয়ে গেলেও এখনো একটি মানবিক ও দায়িত্বশীল সমাজ গড়ে ওঠেনি। এ অবস্থায় কোরআন ও হাদিসের আলোকে আলেমদের জাতিকে সঠিক দিকনির্দেশনা দিতে হবে।
তিনি আলেম সমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, জাতি চায় আপনারা ইসলামের মৌলিক শিক্ষা ও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ হোন। পারস্পরিক মতানৈক্য পরিহার করে, সহনশীলতার মাধ্যমে জাতিকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে হবে।
“যে ব্যক্তি মসজিদের ইমাম, তিনি শুধু নামাজে নয়, সমাজের দিকনির্দেশনাতেও নেতৃত্বের ভূমিকা রাখবেন,”—মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, “একজন শিক্ষিত কিন্তু আদর্শহীন ব্যক্তি সমাজে বড় ক্ষতির কারণ হতে পারে। অপরদিকে, আল্লাহভীরু ও নৈতিক মানুষদের নেতৃত্বেই সমাজে শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব।”
সভায় তিনি কলমের দায়িত্বশীল ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বলেন, “কলমের মাধ্যমে অনেক বড় ক্ষতি হতে পারে, যা হাজার মানুষের সম্মিলিত প্রচেষ্টাতেও সম্ভব না। তাই আলেমদের সঠিক দিকনির্দেশনা জাতি গঠনে মুখ্য ভূমিকা রাখতে পারে।


