
চট্টগ্রাম বন্দর এলাকার অফিসার্স কলোনি গেটের সামনে প্রকাশ্যে ছিনতাইয়ের ঘটনায় এক চাইনিজ নাগরিক আহত হয়েছেন। মঙ্গলবার ২০ অক্টোবর দুপুর ১২টা দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দর অফিসার্স কলোনি গেটের সামনে প্রধান সড়কের পূর্ব পাশে তিনজন ছিনতাইকারী এক চাইনিজ ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। তারা ওই বিদেশিকে হাঁটুর নিচে ছুরি দিয়ে আঘাত করে তার কাছ থেকে একটি আইফোন ও কিছু নগদ টাকা ছিনিয়ে নেয়।
ঘটনার সময় উপস্থিত পথচারীরা ধাওয়া করে একজন ছিনতাইকারীকে ধরে ফেলে এবং আহত অবস্থায় ফেলে রাখে। অপর দুই জনের মধ্যে একজন পালিয়ে যায়, অপরজন রাস্তার পাশ দিয়ে CPAR গেটের বাইরে দিকে চলে আসে।
আহত চাইনিজ নাগরিকও ওই দুষ্কৃতিকারীর পিছু নিয়ে CPAR গেটের বাইরে পর্যন্ত আসেন। পরে বন্দর শ্রমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে করে দুইজন পুলিশ সদস্যসহ আহত চাইনিজ নাগরিককে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে CPAR গেটের বাইরে আহত অবস্থায় থাকা ছিনতাইকারীকে পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করে।


