
হিরা ব্যবসায়ী হর্ষ মেহতার সঙ্গে নাম জড়াল অভিনেত্রীর
বলিউডের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী মালাইকা আরোরা আবারও প্রেমের গুঞ্জনে শিরোনামে। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে খবর—অভিনেত্রীর জীবনে নাকি এসেছে নতুন প্রেম। এবার তার নাম জড়িয়েছে হর্ষ মেহতা নামে এক হিরা ব্যবসায়ীর সঙ্গে।
গত বছর অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে সম্পর্কের ইতি টানার পর থেকেই মালাইকার ব্যক্তিজীবন নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। সম্প্রতি হর্ষের সঙ্গে ঘনিষ্ঠতার খবর ছড়িয়ে পড়তেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন—কেমন পুরুষ পছন্দ মালাইকার?
এমন প্রশ্নের উত্তর মিলেছে অভিনেত্রীর পুরোনো এক সাক্ষাৎকারে। সেখানে মালাইকা বলেছিলেন, “আমি একটু রুক্ষ এবং ধারালো চেহারার পুরুষ পছন্দ করি। খুব পরিপাটি, ফর্সা, গোঁফ-দাড়ি কামানো পুরুষ আমার একেবারেই পছন্দ নয়।”
তিনি আরও যোগ করেছিলেন, “আমার পছন্দ এমন একজন, যে প্রকাশ্যে সাহসের সঙ্গে ফ্লার্ট করতে পারে এবং ভালো চুমু খেতে জানে। পুরুষের শক্ত চোয়াল ও স্পষ্টবাদী মনোভাব আমাকে টানে।”
দ্বিতীয় বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে মালাইকা বলেছিলেন, “আমি রোমান্টিক মানুষ। ভালোবাসায় বিশ্বাস করি। তাই ভবিষ্যতে কী হবে এখনই বলা সম্ভব নয়।”
বর্তমানে বলিউডে জোর গুঞ্জন, মালাইকা ও হর্ষ মেহতা গত কয়েক মাস ধরে সম্পর্কে রয়েছেন। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে মালাইকা বা হর্ষ কেউই মুখ খোলেননি।


