
যুক্তরাষ্ট্রে সরকারি অচলাবস্থা (শাটডাউন) চলায় টানা দ্বিতীয় দিনের মতো আকাশপথে দেখা দিয়েছে ব্যাপক বিশৃঙ্খলা। শনিবার (৮ নভেম্বর) একদিনেই ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল এবং আরও প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, শাটডাউনের কারণে বিমানবন্দরে কর্মীসংকট দেখা দিয়েছে। এতে যাত্রীসেবা, নিরাপত্তা তদারকি ও ফ্লাইট পরিচালনায় বড় ধরনের বিঘ্ন ঘটছে।
মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানায়, বেতন ছাড়াই কাজ করা বিমান নিয়ন্ত্রকদের ক্লান্তি ও অনুপস্থিতির কারণে দেশের ব্যস্ত ৪০টি বিমানবন্দরে ফ্লাইট চলাচল ১০ শতাংশ পর্যন্ত কমানো হবে।ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়ার অনুযায়ী, শনিবার সবচেয়ে বেশি ফ্লাইট বাতিল হয়েছে শার্লট/ডগলাস, নিউয়ার্ক লিবার্টি ও শিকাগো ও’হেয়ার বিমানবন্দরে। নিউয়ার্কে ফ্লাইটগুলো গড়ে চার ঘণ্টা দেরিতে পৌঁছেছে।পরিবহন মন্ত্রী ডাফি এক্স-এ জানান, ব্যস্ত বিমানবন্দরগুলোয় ব্যক্তিগত জেটের সংখ্যা কমানো হয়েছে এবং ছোট বিমানবন্দর ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।এফএএ সতর্ক করেছে, আগামী কয়েক দিনে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সংস্থাটি ধাপে ধাপে ফ্লাইট কমানোর পরিকল্পনা নিয়েছে— ১১ নভেম্বর ৬ শতাংশ, ১৩ নভেম্বর ৮ শতাংশ এবং ১৪ নভেম্বর পর্যন্ত ১০ শতাংশ পর্যন্ত ফ্লাইট বাতিলের সম্ভাবনা রয়েছে।
শনিবার ছিল যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ শাটডাউনের ৩৯তম দিন। কংগ্রেসে অর্থায়ন নিয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের দ্বন্দ্বে এই অচলাবস্থা এখনো কাটেনি।


