
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে কর্মরত ৩৩ কর্মকর্তাকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি, গ্রেড–৩) পদে পদোন্নতি দেওয়া হয়েছে। এর মধ্যে দুজন কর্মকর্তাকে সুপারনিউমারারি (অতিরিক্ত) ডিআইজি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করে এ পদোন্নতির অনুমোদন দেয়। উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্মারকের আলোকে কর্মকর্তাদের ডিআইজি পদে উন্নীত করা হলো এবং এই আদেশ জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের তালিকা সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাছে পাঠানো হয়েছে বলেও জানা গেছে। পদোন্নতির ফলে পুলিশ বাহিনীর উচ্চপদে স্বাভাবিক প্রশাসনিক কাঠামোর পুনর্বিন্যাস ঘটবে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ পর্যায়ের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যেন নিরপেক্ষ থাকে, সে লক্ষ্যেই দেশের ৬৪ জেলার পুলিশ সুপারদের (এসপি) লটারির মাধ্যমে রদবদল করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এই বদলি কার্যক্রম সম্পন্ন হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্বাচন ঘিরে মাঠ প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে আগাম প্রস্তুতির অংশ হিসেবে এসপি পর্যায়ে লটারিভিত্তিক রদবদল করা হয়েছে। নতুন কর্মস্থলে যোগদানের পর এসব কর্মকর্তারা নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন।স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও নির্বাচন কমিশন—উভয় সংস্থার সংশ্লিষ্টরা বলছেন, নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ে সব ধরনের রাজনৈতিক পক্ষপাত এড়াতে এবং প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।


